পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়াল আলজেরিয়া, ১২ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ।
বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। প্রথমার্ধে এক গোল পিছিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে দুটি গোল করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয়।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় এই লড়াই ছিল টুর্নামেন্টে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা জর্ডান ৩৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। নিজার আল রুশদান ডি-বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। বিশ্বকাপ ইতিহাসে জর্ডানের হয়ে এটি ছিল প্রথম লিড নেওয়ার মুহূর্ত।
বিরতির আগে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি আলজেরিয়ার তারকা রিয়াদ মাহরেজ। একান্ত সুযোগে তার শট ঠেকিয়ে দেন জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। বদলি হিসেবে নামা নাদির বেনবুয়ালি ৬৯তম মিনিটে মাহরেজের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান। জাতীয় দলের হয়ে এটি ছিল তার দ্বিতীয় গোল।
সমতায় ফেরার পর আরও আক্রমণ বাড়ায় আলজেরিয়া। ম্যাচের ৮২তম মিনিটে আমিন গোরি জয়সূচক গোলটি করেন। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে উত্তর আফ্রিকার দেশটি।
এই জয়ের ফলে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল আলজেরিয়া। এখন শেষ ম্যাচে জয় পেলেই পরবর্তী রাউন্ডে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।
মতামত দিন