ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ গ্রহণ,প্রত্যাহার হলেন পঞ্চগড়ের পিআইও।
ক্যালকুলেটরে ঘুষের হিসাব কষার ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল (২৪ জুন) এর মধ্যে যোগ না দিলে সেদিন বিকেল থেকেই তাকে স্বয়ংক্রিয়ভাবে 'স্ট্যান্ড রিলিজড' ঘোষণা করা হবে। তবে প্রত্যাহারের কারণ প্রজ্ঞাপনে সরাসরি উল্লেখ করা হয়নি।
এর আগে সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন নির্ধারণ করতে দেখা যায়। ভিডিওতে তিনি ক্যালকুলেটরে অঙ্ক কষে একাধিক প্রকল্পের ঘুষের হিসাব মেলাচ্ছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক মহল ও সামাজিক সংগঠনগুলো নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। প্রত্যাহারের খবরে এলাকায় নতুন আলোচনা শুরু হলেও আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশাসন এখনো কিছু জানায়নি।
মতামত দিন