ভিসা ফি পাঠানো এখন আরও সহজ, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের।
দেশে আদায় করা ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
নতুন নিয়মে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে নেওয়া ফি সরাসরি সংশ্লিষ্ট দূতাবাস বা নির্ধারিত বিদেশি ব্যাংক হিসাবে পাঠাতে পারবে।
তবে এই সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে। দূতাবাস নির্ধারিত হারেই ফি আদায় করতে হবে, সংরক্ষণ করতে হবে দূতাবাস বা অনুমোদিত প্রতিষ্ঠানের ইনভয়েস। প্রতিটি আবেদনকারীর ফি-সংক্রান্ত বিস্তারিত তথ্যও রাখতে হবে। বিদেশে টাকা পাঠানোর আগে প্রযোজ্য সব কর সঠিকভাবে পরিশোধ বা কর্তন হয়েছে কি না, তা-ও নিশ্চিত করা বাধ্যতামূলক।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এই নির্দেশনা কার্যকর হলে ভিসা ফি লেনদেনে গতি ও স্বচ্ছতা দুটোই বাড়বে এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে।

মতামত দিন