বিনোদন
ছবি: সংগৃহীত

সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল।

নিজেস্ব প্রতিবেদক:

মৃত্যুর প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম এই আদেশ বাতিলের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, সালমান শাহকে শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছিল। এত বছর পর মরদেহ উত্তোলনে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এবং মাজার এলাকায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এতদিন পর মরদেহ থেকে কোনো কার্যকর তথ্য পাওয়ার সম্ভাবনাও নেই বলে আবেদনে উল্লেখ করা হয়। বাদী ও তার মা নীলা চৌধুরীরও এই উত্তোলনে ব্যাপক আপত্তি রয়েছে।

এর আগে গত ২০ মে তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি চান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ মে আদালত উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।

মামলার পটভূমিতে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়ার পথে তার গলায় দড়ির দাগ ও মুখমণ্ডল নীলবর্ণ দেখা যায়। ঢাকা মেডিকেলের চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী সামিরা হকসহ মোট ১২ জনকে আসামি করা হয়।

মতামত দিন