রাজধানীর সড়ক থেকে সরানো হচ্ছে অটোরিকশা।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষই এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপনের পর রাজধানীর ট্রাফিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি এসেছে। সিগন্যাল ভাঙা, উল্টো পথে চলাচল ও লেন পরিবর্তনের মতো আইন লঙ্ঘনের ঘটনা আগের তুলনায় অনেকটাই কমেছে। নিবন্ধিত যানবাহনগুলোকে ই-প্রসিকিউশনের আওতায় আনা সম্ভব হচ্ছে, যা চালকদের মধ্যে আইন মানার সংস্কৃতি তৈরি করছে।
কিন্তু অটোরিকশার ক্ষেত্রে এই প্রযুক্তি কাজ করছে না। অধিকাংশ অটোরিকশার বৈধ নিবন্ধন নেই, নেই নম্বরপ্লেট বা চালকের লাইসেন্স। ফলে ক্যামেরায় আইন লঙ্ঘন ধরা পড়লেও পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া এসব যানবাহনের বেপরোয়া চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতা অব্যাহত রয়েছে। শুধু যানজটই নয়, অটোরিকশাকে কেন্দ্র করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও বাড়ছে বলে ডিএমপি জানিয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান জানান, উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হলে প্রথমে প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরানো হবে, পরে পর্যায়ক্রমে পুরো রাজধানীতে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
তবে এই পদক্ষেপ বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। অটোরিকশার মালিক ও গ্যারেজ মালিকদের একটি বড় অংশ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তাই শুধু পুলিশি অভিযানে কাজ হবে না, প্রয়োজন সরকারি ও রাজনৈতিক পর্যায়ের সমন্বিত উদ্যোগ। বৈঠকে এসব বিষয় তুলে ধরবে ট্রাফিক বিভাগ।

মতামত দিন