জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে ভয়াবহ আগুন, অচল কোটি টাকার ক্রেন।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) অগ্নিকাণ্ডে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্রেনটি আপাতত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, ফলে সংশ্লিষ্ট ইয়ার্ডে কন্টেইনার ডেলিভারি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরের দিকে এনসিটির ৩ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় কন্টেইনার ওঠানামা বন্ধ করে দেওয়া হয় এবং কর্মরত শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বন্দর সূত্রে জানা গেছে, প্রথমে একটি আরটিজি ক্রেন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তাপের প্রভাবে পাশের একটি রেফ্রিজারেটেড কন্টেইনারও ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত পদক্ষেপের কারণে আগুন অন্য কন্টেইনার বা স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ও বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ক্রেনটির বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বন্দর অভ্যন্তরের কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি সচল না হওয়া পর্যন্ত ওই ইয়ার্ডে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হবে না। যদিও বন্দরের অন্য টার্মিনাল ও ইয়ার্ডগুলোতে পণ্য খালাস এবং ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন বলেন, আগুনের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত, তা তদন্ত প্রতিবেদনের পর জানা যাবে।

উল্লেখ্য, বন্দরে ব্যবহৃত একটি আরটিজি ক্রেনের মূল্য সাধারণত ১৫ থেকে ২৩ কোটি টাকার মধ্যে হয়ে থাকে। তাই এই ঘটনায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন