আ:লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছয় জেলায় সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সীমিত সময়ের জন্য সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদা থেকে ঊর্ধ্বতন কমিশনড কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রেষণে থাকা বিজিবি ও কোস্টগার্ডের সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার আওতায় থাকবেন।
সরকারি আদেশে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় বর্ণিত পরিস্থিতিতে এসব কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। জনশৃঙ্খলা রক্ষা, নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা এ আদেশে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।
মতামত দিন