জাতীয়
ছবি: সংগৃহীত

উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, শাহজালাল বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ফ্লাইট TK713-এর পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর দিয়ে জ্বালানি খরচ করার পর বিমানটি নিরাপদে অবতরণ করান।

এতে থাকা ২৯০ জন যাত্রী সবাই অক্ষত রয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গেছে, তুরস্কের ইস্তাম্বুলগামী TK713 ফ্লাইটটি উড্ডয়নের ১৫ মিনিট পর একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পাইলট। সঙ্গে সঙ্গে তিনি বিমানটি ঘুরিয়ে আনেন এবং নির্ধারিত প্রক্রিয়ায় জ্বালানি ব্যয় শেষে সকাল ৮টা ১৫ মিনিটে সফলভাবে জরুরি অবতরণ করান।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রীদের বিমান থেকে নামিয়ে রাজধানীর বিভিন্ন হোটেলে পাঠানো হয়েছে।বিকল্প ফ্লাইট বা যাত্রাব্যবস্থা নিশ্চিত করতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

এর আগে, গত ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে নিচে পড়ে যায়। পাইলটের দক্ষতায় ঐ ফ্লাইটটিও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ঐ ফ্লাইটে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

মতামত দিন