ভারতের লখনৌয়ে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩।
জানালা দিয়ে লাফ দিয়েও বাঁচতে পারেননি অনেকে। ভারতের উত্তর প্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারসহ বহুতল ভবনে ভয়াবহ আগুনে আজ সোমবার অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় দুপুরে তিনতলা বাণিজ্যিক ভবনটির ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন শিক্ষার্থীসহ অনেকে। প্রাণ বাঁচাতে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী ওপর থেকে লাফ দেন — তাদের একজনের হাড় ভেঙে গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ভাঙা জানালা দিয়ে বের হতে গিয়ে নিচে পড়ে বেড়ার ওপর আছড়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হয় ১৩টি মরদেহ। ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
মতামত দিন