জুলাইয়ের মধ্যে মাদরাসা শিক্ষকদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর।
মাদরাসা শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে আশার কথা শোনালেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তিনি জানান, জুলাই মাসের মধ্যে সব মাদরাসা শিক্ষকের বেতন পরিশোধ করা হবে।
মন্ত্রী জানান, বর্তমানে অনেক মাদরাসা শিক্ষক মে ও জুন মাসের বেতন পাননি। সমস্যার মূলে রয়েছে গত অন্তর্বর্তী সরকারের একটি সিদ্ধান্ত — প্রায় ১৭ হাজার মাদরাসা শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের বেতনের জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। প্রতি মাসে এই শিক্ষকদের বেতন দিতে ৫০০ কোটি টাকারও বেশি প্রয়োজন। হাতে থাকা ১০০ কোটি টাকা ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ২০১৭ সালে নেওয়া ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রকল্পের ব্যয় ১০ কোটি থেকে বেড়ে প্রায় ৮০ কোটি টাকায় পৌঁছালেও প্রকল্পটি এখনও শেষ হয়নি বলে উল্লেখ করেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে অগ্রাধিকারের খাত হচ্ছে শিক্ষা। দেশের বিপুল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার আওতায় আনার পরিকল্পনাও করছে সরকার।

মতামত দিন