অনিয়মিত অভিবাসী ঠেকাতে পর্তুগালজুড়ে চিরুনি অভিযান, উদ্বেগে হাজারো শ্রমিক।
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে পর্তুগালে পাড়ি জমানো অনেক অভিবাসী শ্রমিক এখন গভীর অনিশ্চয়তায়। দেশটিতে অনিয়মিত অভিবাসন ঠেকাতে জোরদার চিরুনি অভিযান শুরু করেছে ন্যাশনাল রিপাবলিকান গার্ড (এনআরজি)।
কৃষি এলাকা, স্ট্রবেরি খামার, রেলস্টেশন, প্রধান সড়ক ও সমুদ্র উপকূলে তল্লাশি বিশেষভাবে বাড়ানো হয়েছে। শনাক্ত হওয়াদের বড় অংশই দক্ষিণ এশিয়া ও পশ্চিম আফ্রিকার নাগরিক — বিশেষত ভারত, নেপাল ও গিনি-বিসাউয়ের শ্রমিক।
তবে এই অভিযানের আগে থেকেই এসব অভিবাসীর জীবন ছিল কঠিন। আইনি কাগজপত্র না থাকায় কম মজুরিতে দীর্ঘ সময় খাটতে বাধ্য হতেন অনেকে। উচ্চ বাড়িভাড়া, অস্বাস্থ্যকর বাসস্থান আর পরিবারে টাকা পাঠানোর চাপ মিলিয়ে জীবন ছিল রীতিমতো সংগ্রামের। মানবাধিকার কর্মীরা বলছেন, ভাষাগত বাধা ও আইনি জটিলতার কারণে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না থাকায় এরা সহজেই শোষণের শিকার হন।
এনআরজির মুখপাত্র অবশ্য স্পষ্ট করেছেন, এই অভিযান কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের লক্ষ্য করে নয়। মানবপাচার বন্ধ এবং অবৈধ কর্মসংস্থান কমিয়ে আনাই মূল উদ্দেশ্য। ভবিষ্যতে যেসব প্রতিষ্ঠান অবৈধভাবে শ্রমিক নিয়োগ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নোটিশপ্রাপ্তরা নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে তাদের জোর করে ফেরত পাঠানো হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
মতামত দিন