চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন, সাময়িক বন্ধ কন্টেইনার কার্যক্রম।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে আজ দুপুরে আগুন লেগেছে। সোমবার আড়াইটার দিকে এনসিটির ৩ নম্বর জেটিতে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনে এই আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও বন্দরের জেটি বিভাগের কর্মী অরবিন্দ আইচ জানান, ক্রেনের আগুন পরে পাশে থাকা একটি রেফ্রিজারেটেড কন্টেইনারেও ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি। বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট ও ফায়ার সার্ভিসের একাধিক দল মিলে আগুন প্রায় নিয়ন্ত্রণে এনেছে। এখন ক্ষতিগ্রস্ত কন্টেইনার থেকে মালামাল বের করার পাশাপাশি আশপাশের কন্টেইনারগুলো নিরাপদ স্থানে সরানো হচ্ছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই জেটিতে কন্টেইনার ওঠানামার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ তদন্ত করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম আবার চালু করা হবে। প্রাথমিকভাবে কয়েকটি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়।
মতামত দিন