অপরাধ
ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনে গুলির মামলায় সাবেক এমপি তুহিনসহ দুজনকে গ্রেপ্তার দেখাল আদালত।

নিজেস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় করা দুটি আলাদা মামলায় আজ সোমবার আদালত দুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এরা হলেন সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন এবং কাফরুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামাল।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ৪ আগস্ট মিরপুর ১৪ নম্বরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মামলার বাদী গুলিবিদ্ধ হন। সেই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় চারশো থেকে পাঁচশো জনের নামে হত্যাচেষ্টার মামলা হয়েছিল। সেই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হলো।

রোকেয়া জামালের ক্ষেত্রে অভিযোগ আরও গুরুতর। মিরপুর ১০-এ আন্দোলনচলাকালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শাকিল। তার বাবার করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালতে উভয় আসামির গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। তবে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিনের পক্ষে শুনানি করেন।

মতামত দিন