জাতীয়
ছবি: সংগৃহীত

ক্যান্সারসহ ৬ রোগের চিকিৎসায় মিলবে সরকারি সহায়তা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের অসহায় ও গুরুতর অসুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নতুন অর্থবছরে বড় পদক্ষেপ নিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা কার্যক্রম চালু রাখবে সরকার।

শুধু অসুস্থদের জন্য নয়, সামাজিক সুরক্ষার পুরো কাঠামোকেই এবার আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি — এই পরিচিত কার্যক্রমগুলো চলার পাশাপাশি যুক্ত হচ্ছে নতুন বেশ কিছু উদ্যোগ।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো সারাদেশে 'ফ্যামিলি কার্ড কর্মসূচি', বধির ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য 'কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রম' এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় তথ্যভান্ডার তৈরির উদ্যোগ। গ্রামীণ মানুষের আত্মকর্মসংস্থানে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমও থাকছে। অটিজম আক্রান্তদের জন্য সেবাদান কেন্দ্র প্রকল্পও বাস্তবায়ন করা হবে নতুন অর্থবছরে।

সব মিলিয়ে এবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মোট বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিচালন খাতে প্রায় ১৫ হাজার ১৭৪ কোটি এবং উন্নয়ন খাতে প্রায় ১৫ হাজার ২৬৭ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন