রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সেই সাজিদ মারা গেছেন।
বেঁচে থাকার লড়াই শেষ পর্যন্ত হেরে গেলেন সাজিদ চৌধুরী রাফি। চলন্ত বাইকে ইট ছুড়ে মারার পর ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ঘটনাটি ঘটেছিল গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে মোটরসাইকেলে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। আঘাতে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান, বাইকটি গিয়ে পড়ে তার শরীরের ওপর।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, যারা ইট ছুড়েছিল, তারাই পরে রিকশায় করে রাফিকে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে তাকে ভর্তি করা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে, পরদিন ১০ জুন স্থানান্তর করা হয় ঢামেকের আইসিইউতে। সেখানেই ১৩ দিন লড়াই করে আজ চলে গেলেন তিনি।
রাফির চাচা নুর হোসেন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
মতামত দিন