আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জ্বালানি সস্তা হতেই বিমান ভাড়া কমাল মালয়েশিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের উত্তাপ একটু কমতেই বিমান টিকিটেও মিলছে স্বস্তির হাওয়া। মালয়েশিয়ার বাজেট ক্যারিয়ার এয়ারএশিয়া এক্স ঘোষণা দিয়েছে, তাদের সব রুটে টিকিটের দাম ৫ শতাংশ কমানো হয়েছে।

গত ১৫ জুন থেকেই এই নতুন ভাড়া কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী বেনিয়ামিন ইসমাইল।

কারণটা সহজ — আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্চের শেষে যুদ্ধের তীব্রতার সময় সিঙ্গাপুর জেট ফুয়েলের দাম ব্যারেলপ্রতি রেকর্ড ২৪২ ডলারে উঠেছিল। গত শুক্রবার সেটি নেমে এসেছে ১১২ ডলারে — প্রায় অর্ধেকে।

এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা। বিমান খাতের বিশেষজ্ঞ লিঙ্গম বলছেন, এই চুক্তি বৈশ্বিক বিমান পরিবহন শিল্পে বড় স্বস্তি এনেছে। তার ভাষায়, জ্বালানির দাম বাড়ায় শিল্পটি সত্যিই মারাত্মক ক্ষতির মুখে পড়েছিল।

তবে পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা পথ বাকি। যুদ্ধের আগে যেখানে ব্যারেলপ্রতি দাম ছিল প্রায় ৮০ ডলার, সেখানে এখনও তা ১১২ ডলারে আটকে আছে।

এয়ারএশিয়া এক্স জানিয়েছে, জ্বালানির দাম আরও কমলে টিকিটের মূল্য আরও পুনর্বিন্যাস করার পরিকল্পনা রয়েছে তাদের।

সূত্র: মিডল ইস্ট আই

মতামত দিন