অর্থনীতি
ছবি: সংগৃহীত

জুন মাসের মাত্র ২০ দিনেই দেশে এসেছে ১৯৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

নিজেস্ব প্রতিবেদক:

প্রবাসীরা থামছেন না। জুন মাসের মাত্র ২০ দিনেই দেশে এসেছে ১৯৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

ব্যাংকভেদে হিসাব করলে দেখা যায়, এই অর্থের সবচেয়ে বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে — ১২১ কোটি ৮৮ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩৩ কোটি ৫৩ লাখ ডলার আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।

এটি কিন্তু হঠাৎ কোনো উল্লম্ফন নয়। পুরো অর্থবছরজুড়েই রেমিট্যান্সের ধারা ছিল চোখে পড়ার মতো। মার্চে এসেছিল রেকর্ড ৩৭৫ কোটি ডলার — একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। মে মাসে এসেছে ৩৪২ কোটি ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। জানুয়ারি থেকে এপ্রিল — প্রতি মাসেই তিনশো কোটি ডলারের ওপরে।

সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারে, যা দেশের ইতিহাসে যেকোনো একক অর্থবছরের সর্বোচ্চ।

অর্থনীতিবিদরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ছে। আর এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে।

মতামত দিন