আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে, সতর্ক করল র্যাব।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র্যাব।
রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ‘মাউরা সোহেল’কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে শফিকুল ইসলাম সবুজ ও রাসেলও রয়েছেন।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে নয়মুল হাসান বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তিনি বলেন, “কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন