মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি আত্মসাৎ, সাবেক এমপি চার দিনের রিমান্ডে।
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রোববার (২১ জুন) ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
শুনানিতে দুদকের পক্ষ থেকে বলা হয়, মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন এবং অর্থ লেনদেনের উৎস ও সংশ্লিষ্টদের সম্পর্কে বিস্তারিত জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে আবেদন জানালেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহার করে নির্দিষ্ট কিছু ব্যক্তি এজেন্ট হিসেবে সুবিধা নেন এবং সরকারি নির্ধারিত ফি’র বাইরে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন। এতে প্রায় ১১৯ কোটি ৩২ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আদায়কৃত অর্থ বিভিন্ন উপায়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচারেরও অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মতামত দিন