জাতীয়
ছবি: সংগৃহীত

এবার চট্টগ্রামের যানজট সমাধানে সাহায্য নেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার।

নিজেস্ব প্রতিবেদক:

বন্দরনগরী চট্টগ্রামের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হচ্ছে। ২১৭ কোটি ৩৩ লাখ টাকার একটি এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রকল্পের প্রস্তাব তৈরি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

এখন পর্যন্ত হাতের ইশারা ও বাঁশির উপর নির্ভরশীল ট্রাফিক ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় নগরীর ৫৬টি গুরুত্বপূর্ণ মোড়ে স্মার্ট সিগন্যাল বাতি, ট্রাফিক ফ্লো মনিটরিং ক্যামেরা, আইন লঙ্ঘন শনাক্তকারী রেড সিগন্যাল ডিটেক্টর এবং স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি বসানো হবে। পুরো ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার থেকে। জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজারসহ নগরীর ব্যস্ততম মোড়গুলো প্রথম দফায় এই ব্যবস্থার আওতায় আসবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এআই সিস্টেম চালু হলে কোনো যানবাহন ট্রাফিক আইন ভাঙলে তা স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে। তবে এটি এখনও প্রাথমিক প্রস্তাব পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে পুলিশ প্রশাসন ও বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থার মতামত নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে একটি ট্রাফিক সিগন্যাল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় না থাকায় সেই সিগন্যাল বাতিগুলো কখনো ব্যবহারই হয়নি। এবার সেই ভুল এড়াতে সব সংস্থাকে একসঙ্গে নিয়ে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মতামত দিন