আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। পত্রিকাটির দাবি, গ্রামীণ সরকারি বাসভবন চেকার্সে স্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনার পর স্টারমার এই সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছেন।

তবে সরকারের একটি সূত্র বলছে, তিনি এখনও দায়িত্ব পালনে মনোযোগী।

নিজের দলের ভেতর থেকেই স্টারমারের ওপর চাপ ক্রমশ বাড়ছিল। শুক্রবার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম একটি উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে প্রবেশ করায় সেই চাপ আরও তীব্র হয়। এখন তিনি আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের চ্যালেঞ্জ জানাতে পারবেন। রয়টার্সের হিসাব অনুযায়ী, লেবার পার্টির শতাধিক এমপি প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ বা সরে দাঁড়ানোর দাবি জানিয়েছেন।

২০২৪ সালে বড় জয় নিয়ে ক্ষমতায় আসা স্টারমারের জনপ্রিয়তা একাধিক কেলেঙ্কারি ও নীতি পরিবর্তনের কারণে দ্রুত কমেছে। জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতাও তার বিরুদ্ধে জনঅসন্তোষ বাড়িয়েছে।

স্টারমার সরে গেলে সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম। বিজয়ী বক্তৃতায় দেশের জন্য নতুন পথের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। টাইমস পত্রিকা জানিয়েছে, বার্নহাম প্রধানমন্ত্রী হলে অর্থমন্ত্রী রিভসকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে পারেন।

মতামত দিন