ইরানের ঘোষণার পর কৌশল বদল, লেবাননে হামলা স্থগিত ইসরায়েলের।
মাত্র তিন দিন আগে খুলে দেওয়া হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান।
হরমুজ বন্ধের ঘোষণাকে 'প্রথম পদক্ষেপ' উল্লেখ করে সামরিক কমান্ড সতর্ক করেছে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই চাপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাটজ দক্ষিণ লেবাননে অবিলম্বে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন, যদিও দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো ঘোষণা আসেনি।
এই উত্তেজনার মাঝেও কূটনৈতিক প্রক্রিয়া থামেনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারও এতে অংশ নেবে।
ইরানের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার গালিবাফ। দলে পররাষ্ট্রমন্ত্রী আরাগচিসহ নিরাপত্তা, কেন্দ্রীয় ব্যাংক ও তেল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শিগগিরই বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে।

মতামত দিন