উত্তরের চার জেলায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি।
ভারী বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিপৎসীমা ছাড়িয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বাড়তে শুরু করেছে এবং আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। রংপুর ও সিলেট বিভাগের পাশাপাশি ভারতের অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি হওয়ায় নদীগুলোতে পানির চাপ বাড়ছে।
উত্তরের বাইরেও বন্যার ঝুঁকি রয়েছে কয়েকটি এলাকায়। নেত্রকোনার কামলাকান্দা, সিলেটের কানাইঘাট ও ফেঞ্জুগঞ্জ এবং বাগেরহাটের মোংলায়ও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।
আগামী পাঁচ দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ব্রহ্মপুত্র-যমুনার পানি আরও বাড়তে পারে। তবে তা বিপৎসীমার নিচেই থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
মতামত দিন