ইরান যুদ্ধ অব্যাহত রাখলে বিশ্ব মাসের পর মাস তেলের সংকটে পড়ত: ট্রাম্প।
ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো বাস্তব বিকল্প তার সামনে ছিল না বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি পুরোপুরি অচল হয়ে যেত এবং বিশ্ব মাসের পর মাস তেলের সংকটে পড়ত।
ট্রাম্প বলেন, বোমাবর্ষণ চলতে থাকলে প্রণালিতে মাইন পাতা হতো এবং ক্ষেপণাস্ত্রের ভয়ে বড় বড় জাহাজ চলাচল বন্ধ করে দিত। এটি শেষ পর্যন্ত বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণ হয়ে উঠত। যারা আরও কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে ছিলেন, তাদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, আরও দুই-তিন সপ্তাহ বোমাবর্ষণ করলে হরমুজ প্রণালি কি খুলত?
এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানি সংকটও বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির বৃহত্তম তেল সংরক্ষণ কেন্দ্র কিউশিংয়ে মজুত নেমে এসেছে ২ কোটি ব্যারেলে, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি কৌশলগত তেল মজুদও ইতিহাসের সর্বনিম্নের কাছাকাছি নেমে মাত্র ৩৪ কোটি ব্যারেলে দাঁড়িয়েছে।
বড় তেল কোম্পানিগুলো এক মাসেরও বেশি সময় ধরে সতর্ক করে আসছে যে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে মজুত এমন পর্যায়ে নামতে পারে, যেখান থেকে ঘাটতি সামলানো কঠিন হয়ে পড়বে।

মতামত দিন