বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি দুবাই পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী।
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে বাংলাদেশ। মামলার এজাহার ও অভিযোগপত্রসহ ১৪৪ পৃষ্ঠার নথি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীরের বিরুদ্ধে দেশে মোট ছয়টি মামলা চলছে। এর একটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে, বাকিগুলো তদন্তাধীন। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন দুবাইয়ে আটক হন বেনজীর।
দেশে তার ৬২১ বিঘা জমি, গুলশানের চারটি বিলাসবহুল ফ্ল্যাট ও গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট আদালতের আদেশে সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। নিউইয়র্কে তার দুটি বাড়ি জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে থাকা তার অর্থও অবরুদ্ধ। দুবাইয়ে রিয়েল এস্টেট থেকে হোটেল ব্যবসায় বেনামি বিনিয়োগের অভিযোগও আন্তর্জাতিক তদন্তের আওতায় রয়েছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২৩ জুনকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত একটি দল অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মতামত দিন