অপরাধ
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা' পলাশ।

নিজেস্ব প্রতিবেদক:

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ। শুক্রবার দিবাগত রাত একটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ জুন দুপুরে রামপুরায় বিটিভি ভবনের সামনে নিজের বাসার কাছেই হামলার শিকার হন পলাশ। পরিকল্পিতভাবে একদল অস্ত্রধারী তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হলে অবস্থার উন্নতি না হওয়ায় পরে এভারকেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হামলার পর পলাশের স্ত্রী মাহমুদা খানম আদালতে মামলা করেন। মামলায় জিসান আহমেদ মন্টিসহ ১১ জনকে আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও রয়েছে। এরই মধ্যে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক ইমাম হোসেন ও ফেরদৌস নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাশের বিরুদ্ধে হত্যাসহ অন্তত সাতটি মামলা ছিল। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

মতামত দিন