আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ডাবল বোমা হামলায় নিহত ৭।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে একের পর এক দুটি বোমা বিস্ফোরণে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। শনিবার আফগান সীমান্তঘেঁষা বান্নু জেলায় এই ঘটনা ঘটে।

জেলা পুলিশ প্রধান ইয়াসির আফ্রিদি জানান, সড়কের পাশে লুকিয়ে রাখা প্রথম বোমাটি একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্য করে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও তিনজন আহত হন। এরপর যখন স্থানীয়রা হতাহতদের অ্যাম্বুলেন্সে তুলছিলেন, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। এই হামলায় আরও দুজন নিহত হন।

উদ্ধারকাজে আসা মানুষদের লক্ষ্য করে দ্বিতীয় বোমা বিস্ফোরণের এই কৌশল সন্ত্রাসী হামলার একটি পরিচিত ধরন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

বান্নু জেলাটি উত্তর ওয়াজিরিস্তানের কাছাকাছি, যা দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার জন্য পরিচিত। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।

মতামত দিন