প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তার পদোন্নতি ও কর্মস্থল পরিবর্তন করেছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের কালিহাতীর ইউএনও মো. খায়রুল ইসলাম জামালপুরে, রাঙ্গামাটি সদরের মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী খাগড়াছড়িতে, কর্ণফুলীর সজীব কান্তি রুদ্র বান্দরবানে এবং ফেনীর সোনাগাজীর রিগ্যান চাকমা চাঁদপুরে এডিসি হিসেবে যোগ দেবেন। একই সঙ্গে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।
বদলির তালিকায় আরও দুজন এডিসি রয়েছেন। কিশোরগঞ্জের মোহাম্মদ নাহিদ হাসান খান সাতক্ষীরায় এবং বান্দরবানের মো. আবু তালেব ব্রাহ্মণবাড়িয়ায় বদলি হয়েছেন।
এ ছাড়া ছয়জন কর্মকর্তাকে নতুন বিভাগে ইউএনও হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের দপ্তরে ন্যস্ত করা হয়েছে। কক্সবাজারের মংচিংনু মারমা সিলেট বিভাগে, জামালপুরের নাজমুল হুসাইন ঢাকা বিভাগে এবং ময়মনসিংহের কাজী তাহমিনা শারমিন রাজশাহী বিভাগে যাচ্ছেন। পরিবেশ অধিদপ্তরের লাভলী ইয়াসমিন, রাজউকের শাহনাজ পারভীন বীথি এবং নদী রক্ষা কমিশনের নূরী তাসমিন ঊর্মিকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ন্যস্তকৃত কর্মকর্তাদের আগামী ২৪ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগ না দিলে তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

মতামত দিন