অর্থনীতি
ছবি: সংগৃহীত

ডলারের দাপটে টানা তৃতীয় সপ্তাহে দাম কমলো স্বর্ণের।

নিজেস্ব প্রতিবেদক:

শক্তিশালী মার্কিন ডলার আর সুদের হার বাড়ানোর আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী ধারা অব্যাহত রেখেছে। টানা তৃতীয় সপ্তাহে বড় লোকসানের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।

শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৮৪ ডলারে নেমে এসেছে। সপ্তাহের শুরু থেকে হিসাব করলে দাম কমেছে প্রায় ১ শতাংশ। আগস্টে সরবরাহযোগ্য সোনার ফিউচার দরও ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২০২ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির ইতিবাচক প্রভাব বাজারে বেশিক্ষণ টেকেনি। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানান, ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ারশের কঠোর মুদ্রানীতির অবস্থান ডলারকে চাঙা করে তুলেছে, যা ভূরাজনৈতিক সুবিধার প্রভাবকে ম্লান করে দিয়েছে।

ফেডের সর্বশেষ বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখা হলেও ১৯ জন নীতিনির্ধারকের মধ্যে ৯ জনই বছরের শেষে হার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। এর প্রভাবে ডিসেম্বরে সুদ বৃদ্ধির সম্ভাবনা আগের ৬১ শতাংশ থেকে বেড়ে ৮৭ শতাংশে পৌঁছেছে। এই পরিস্থিতিতে গোল্ডম্যান স্যাক্স ডিসেম্বরের জন্য সোনার লক্ষ্যমাত্রা ৫ হাজার ৪০০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৯০০ ডলারে নামিয়ে এনেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও একই চিত্র। রুপার দাম দেড় শতাংশ কমে ৬৪ দশমিক ৮৩ ডলার, প্ল্যাটিনাম সোয়া ১ শতাংশ কমে ১ হাজার ৬৭৪ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ২৬৮ ডলারে নেমে এসেছে।

মতামত দিন