আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মাঝেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় লেবাননে যুদ্ধবিরতির কথা থাকলেও তা মানেনি ইসরায়েল। শুক্রবার মধ্যরাতের পর দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ের অন্যতম তীব্র এই অভিযানে একাধিক আবাসিক বাড়ি সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। নাবাতিয়েহ শহর ছাড়াও কফার জৌজ, কফার রেমান, জেবদিন, কফার তিবনিত এবং রাইহান পাহাড়ি এলাকায় ধারাবাহিক হামলা চালানো হয়।

হতাহতের ঘটনা ঘটেছে একাধিক স্থানে। নাবাতিয়েহ ও হারুফে আটজন, আল-শারকিয়া ও দৌইরের মাঝামাঝি একটি বাড়িতে চারজন এবং কফার সিরে আলাদা হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। দৌইরে ড্রোন হামলায় একটি মোটরসাইকেল লক্ষ্য করে হামলা চালালে একজন নিহত ও একজন আহত হন।

স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধার কাজ শেষ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মতামত দিন