নাইজারের প্রধান বিমানবন্দরে ভয়াবহ সশস্ত্র হামলা, নিহত ৩৫।
নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১১ জন সেনাসদস্য, দুইজন বেসামরিক নাগরিক এবং ২২ জন হামলাকারী।
বৃহস্পতিবার ভোরে সংঘটিত এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর দ্রুত পাল্টা অভিযানে হামলাকারীদের বড় অংশ নিহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। এতে রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং ব্যাপক অভিযান শুরু করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে চার হামলাকারী আহত হয়েছে এবং ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ সময় আরপিজি-৭ রকেট লঞ্চার, একে-৪৭ রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
হামলার পর বিমানবন্দর-সংলগ্ন এলাকায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রবেশ ও বের হওয়ার সব পথ নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ হামলার নিন্দা জানিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় নাইজারের নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের প্রধান বেসামরিক বিমানবন্দর হওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও। চলতি বছরের জানুয়ারিতেও একই বিমানবন্দর জঙ্গি হামলার শিকার হয়েছিল। এবার পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলার ঘটনা ঘটল।
মতামত দিন