অপরাধ
ছবি: সংগৃহীত

বরিশালে একাধিক মামলার আসামি ‘কালা মাসুদ’ গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বরিশালে পুলিশের হাতে ধরা পড়েছেন একাধিক মামলার আসামি আকাশ হাওলাদার মাসুদ ওরফে কালা মাসুদ। গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, কালা মাসুদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩০টির বেশি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

পুলিশ জানায়, সম্প্রতি দায়ের হওয়া একটি মামলার তদন্তের সূত্র ধরে নগরী ও আশপাশের এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। এরই অংশ হিসেবে চরমোনাই এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। পরে ভোরের দিকে নিজ বাড়িতে ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তার বসতঘরের টিনের চালার মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা রামদা, চাপাতি, লোহার রড ও পাইপ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন