ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

৪৮ বছরের রেকর্ড চট্টগ্রাম বন্দরে, স্মার্ট পোর্ট গড়তে এআই ব্যবহারের পরিকল্পনা।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে বন্দর। একই সঙ্গে ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সনির্ভর ‘গ্রিন ও স্মার্ট পোর্ট’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বন্দর কর্তৃপক্ষ জানায়, সদ্য সমাপ্ত অর্থবছরে ৩২ লাখ ১৬ হাজার ৩৭ টিইইউএস কন্টেইনার, ১৩ কোটি ৭ লাখ মেট্রিক টন কার্গো এবং ৪ হাজার ৭৭টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, গত ৪৮ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ অর্জন।

রাজস্ব আয় ও মুনাফার ক্ষেত্রেও ইতিবাচক প্রবৃদ্ধির তথ্য তুলে ধরা হয়েছে বিবৃতিতে। ২০২৫ সালে বন্দরের রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ কোটি টাকার বেশি, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে কর-পূর্ব মুনাফা ৩ হাজার ১৪২ কোটি টাকারও বেশি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আনতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। টিওএস, ই-গেইট ও ই-পেমেন্ট চালুর ফলে জাহাজের অবস্থানকাল কমেছে এবং পণ্য খালাস প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে। পাশাপাশি ইয়ার্ডের ধারণক্ষমতাও বাড়ানো হয়েছে।

কর্ণফুলী নদীর ড্রেজিং, বে-টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের অগ্রগতির কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এছাড়া আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখায় সর্বশেষ অডিটে ‘জিরো অবজারভেশন’ অর্জনের তথ্যও তুলে ধরা হয়েছে। করাচি-চট্টগ্রাম সরাসরি কন্টেইনার রুট চালু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও জানানো হয়।

বন্দর কর্তৃপক্ষের লক্ষ্য, ২০৪০ সালের মধ্যে বর্তমান সক্ষমতার চারগুণ বৃদ্ধি করে চট্টগ্রাম বন্দরকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান লজিস্টিক হাবে পরিণত করা।

মতামত দিন