বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় নতুন অগ্রগতি, জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় এক দশক পর খসড়া চার্জশিট প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি–বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তালিকায় বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে ফিলিপাইনের ৩৬, বাংলাদেশের ১০, শ্রীলঙ্কার ৮, ভারতের ৪, চীনের ৩, উত্তর কোরিয়ার ২ এবং জাপানের ১ জন বা প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে খসড়া চার্জশিটটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। আইনি পরামর্শ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সুইফট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ হাতিয়ে নেয় হ্যাকাররা।
ঘটনার ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংক মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে। এরপর থেকে মামলাটি তদন্ত করছে সিআইডি।

মতামত দিন