মোটরসাইকেলের চাবি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের চাবি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) রাতের দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ছোট ছেলে রাকিব (১৭) তার বাবা ইশাদুলের কাছ থেকে মোটরসাইকেলের চাবি চাইলে বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় বড় ভাই সাকিব (২৪) বাবাকে চাবি না দিতে ইঙ্গিত করেন।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাকিব ছুরি দিয়ে বড় ভাই সাকিবকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, রাকিব মাদকাসক্ত ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় এ ঘটনা ঘটতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন