রাজনীতি
ছবি: সংগৃহীত

মাস্ক-হেলমেট পরে মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ভিডিও ভাইরাল।

নিজেস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সিরাজগঞ্জে টানা দ্বিতীয় দিনের মতো মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কামারখন্দ উপজেলার পলাশডাঙ্গা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়কের একটি অংশে অবস্থান নেন। পরে কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়।

দলীয় সূত্রের দাবি, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ মিছিলের আয়োজন করা হয়। এতে জেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, অংশগ্রহণকারীরা সারিবদ্ধভাবে মিছিল করছেন এবং নানা স্লোগান দিচ্ছেন। পরিচয় গোপন রাখতে অনেকে মুখ ঢেকে রাখেন, আবার কেউ নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করেন।

মিছিলের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন