আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে: শিক্ষামন্ত্রী।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে আগামী ২০ জুলাই ফলাফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রাথমিক স্তরে ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
মাহদী আমিন আরও জানান, আগামী ২০ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

মতামত দিন