বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

চিপ সংকটে দাম বাড়ানোর ইঙ্গিত অ্যাপলের, বাড়তে পারে আইফোনের মূল্য।

নিজেস্ব প্রতিবেদক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রভাব এবার ভোক্তা পর্যায়েও পড়তে যাচ্ছে। মেমোরি চিপের ক্রমবর্ধমান মূল্য ও সরবরাহ সংকটের কারণে ভবিষ্যতে অ্যাপলের বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।

এক সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্ববাজারে মেমোরি চিপের চাহিদা বর্তমানে নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে এআই প্রযুক্তিনির্ভর ডিভাইস ও সেবার বিস্তারের ফলে চিপের প্রয়োজনীয়তা বেড়েছে কয়েকগুণ। কিন্তু সেই তুলনায় উৎপাদন ও সরবরাহ বাড়েনি, ফলে নির্মাতারা ধারাবাহিকভাবে দাম বাড়িয়ে চলেছেন।

টিম কুকের ভাষ্য, উৎপাদন ব্যয় যেভাবে বাড়ছে, তাতে প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য অতিরিক্ত খরচ নিজেরা বহন করা কঠিন হয়ে পড়ছে। এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়েও পড়তে পারে।

প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, বৈশ্বিক চিপ বাজারে দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে। র‍্যামসহ বিভিন্ন মেমোরি পণ্যের দাম গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ব্যবস্থার সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে বাজারে অ্যাপলের বর্তমান পণ্যগুলোর বিক্রি ইতিবাচক থাকলেও ভবিষ্যৎ মডেলগুলোর দাম নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আগামী প্রজন্মের আইফোন বাজারে আসার আগে সম্ভাব্য মূল্যবৃদ্ধির বিষয়টি প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, চিপের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে শুধু স্মার্টফোন নয়, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এবং অন্যান্য প্রযুক্তিপণ্যও আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

মতামত দিন