পদ্মা রেলসেতুর পিলারের পাশের মাটি অপসারনের কারণ জানালেন সেতুমন্ত্রী।
পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর একটি পিলারের পাশ থেকে গভীর করে মাটি সরানোর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পিলারের নিরাপত্তা বা স্থায়িত্ব ক্ষুণ্ন করার জন্য নয়, বরং নির্মাণকাজের অংশ হিসেবেই ওই মাটি অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী জানান, বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সময় বিভিন্ন কারিগরি প্রয়োজন মেটাতে অতিরিক্ত মাটি ব্যবহার করা হয়। কাজ শেষ হলে চুক্তি অনুযায়ী সেই অতিরিক্ত মাটি সরিয়ে ফেলাও প্রকল্পের অংশ।
তার ভাষ্য অনুযায়ী, পিলারের মূল ভিত্তি বা কাঠামোর সঙ্গে সরিয়ে নেওয়া মাটির কোনো সম্পর্ক নেই। নির্মাণকাজের সুবিধার্থে আগে যে মাটি রাখা হয়েছিল, এখন প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় তা অপসারণ করা হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে অযথা বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। প্রকৌশলগত পরিকল্পনা অনুসারেই কাজটি করা হয়েছে এবং এতে সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
একই অনুষ্ঠানে তিনি নগর অবকাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়েও কথা বলেন। বিশেষ করে মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর প্রবণতা বন্ধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, এসব কর্মকাণ্ড শুধু পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করে না, বরং জাতীয় সম্পদের প্রতিও অবহেলার পরিচয় বহন করে।
সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে।

মতামত দিন