রাজধানীর মহাখালী এলাকায় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।
পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ৯টার দিকে আইসিডিডিআরবি সংলগ্ন এলাকায় কয়েকশ মানুষ জড়ো হন। কিছুক্ষণ পর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি মহাখালী বাস টার্মিনালের দিকে অগ্রসর হওয়ার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা যায়।
স্থানীয় সূত্র জানায়, মিছিল শুরুর পর যুব মহিলা লীগের কয়েকজন নেতাকর্মীও এতে অংশ নেন। আকস্মিক এই কর্মসূচির কারণে সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেন এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঘটনার পর মহাখালী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন