কারখানার পানি পান করে গাজীপুরে অসুস্থ শতাধিক শ্রমিক।
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেডে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের ভাষ্য, কর্মদিবসের শুরুতে কারখানার সরবরাহকৃত পানি পান করার কিছু সময় পরই অনেকের শরীরে অস্বাভাবিক উপসর্গ দেখা দিতে থাকে। প্রথমে কয়েকজন অসুস্থ হলেও পরে সংখ্যাটি দ্রুত বাড়তে থাকে। এতে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আক্রান্ত শ্রমিকদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা যায়। কয়েকজন শ্রমিক জানান, পানি পান করার আগে থেকেই এতে অস্বাভাবিক গন্ধ ছিল। পরে অনেক শ্রমিক কাজের ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন।
শ্রমিক জাহিদ, মাজেদুল ও তন্নি আক্তারের দাবি, প্রতিদিনের মতো একই উৎসের পানি পান করার পরই এ পরিস্থিতির সৃষ্টি হয়। অসুস্থতার কারণে অনেকে মেঝেতে লুটিয়ে পড়েন, আবার কয়েকজন জ্ঞানও হারিয়ে ফেলেন। পরে দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। পাশাপাশি কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কারখানার প্রশাসন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইরের কোনো উৎসের দূষিত পানি পান করায় এমন ঘটনা ঘটতে পারে। তবে কারখানার নিজস্ব পানির সরবরাহ ব্যবস্থায় কোনো ত্রুটি পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
এদিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় চিকিৎসাসেবায় চাপ তৈরি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল থেকে ধারাবাহিকভাবে শ্রমিকদের হাসপাতালে আনা হচ্ছে এবং চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় সেবা দিচ্ছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অসুস্থ শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

মতামত দিন