খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

মেসিকে ব্রাজিলের দলে ভেড়ানোর ইচ্ছার কথা জানালেন ব্রাজিল প্রেসিডেন্ট।

নিজেস্ব প্রতিবেদক:

আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিক যেন ছুঁয়ে গেছে ফুটবলবিশ্বের গণ্ডি পেরিয়ে রাজনীতির অঙ্গনকেও। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা হাসতে হাসতে বলেন, মেসির এই ফর্ম দেখে তিনি ভেবেছিলেন তাঁকে ব্রাজিলের জার্সিতে খেলানোর জন্য চুক্তি করে ফেলবেন।

অবশ্যই রসিকতা করেই বলা, কিন্তু কথাটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

মেসির এই কীর্তি এসেছে এমন এক ম্যাচে, যেখানে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য শুরুটা যেমন স্বপ্নের মতো হয়েছে, ব্রাজিলের ক্ষেত্রে গল্পটা একদম ভিন্ন। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দলটি, যা নিয়ে দেশে-বিদেশে কিছুটা প্রশ্নও উঠছে।

তবে লুলা সেই সমালোচনা সহজভাবে নিয়েছেন। তাঁর যুক্তি, স্পেনও তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, এবং সেটা ব্রাজিলের চেয়েও বেশি বিস্ময়কর ছিল। প্রেসিডেন্টের মতে, ব্রাজিলকে যখন কম গুরুত্ব দেওয়া হয়, ঠিক তখনই তারা চমক দেখায়।

এদিকে ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি কৌতূহল ঘিরে আছে নেইমারকে নিয়ে। চোট আর ফর্মহীনতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। দলের সাথে হালকা অনুশীলনে দেখা গেলেও টুর্নামেন্টে তাঁর মাঠে নামার দিনক্ষণ এখনো অনিশ্চিত।

ব্রাজিলের পরবর্তী লড়াই শনিবার (২০ জুন), বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়, প্রতিপক্ষ হাইতি। সমর্থকদের চোখ এখন নেইমারের সম্ভাব্য ফেরা এবং দলের প্রত্যাবর্তনের দিকে।

মতামত দিন