অপরাধ
ছবি: সংগৃহীত

গৃহকর্মীকে গরম কড়াইয়ে নির্যাতন, পুলিশ দম্পতি গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

জানালার ফাঁক দিয়ে যা দেখলেন স্থানীয়রা, তা ছিল চোখ বুজে রাখার মতো নয়। বুধবার (১৭ জুন) দুপুরে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় গরম কড়াই দিয়ে একটি কিশোরী গৃহকর্মীর মুখ ও শরীরে ছ্যাঁকা দেওয়া হচ্ছিল।

যন্ত্রণায় মেয়েটি মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে উঠবস করানো হয় বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার কেন্দ্রে রয়েছেন খোদ পুলিশের দুই সদস্য — সোনাডাঙ্গা থানায় কর্মরত এএসআই সঞ্জয় মিত্র এবং তাঁর স্ত্রী এএসআই পপি মিত্র। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকেই কেন্দ্র করে এই নির্যাতন শুরু হয়, যদিও এটি প্রথম ঘটনা নয়। ভুক্তভোগীর শরীরে পুরনো আঘাতের চিহ্নও খুঁজে পেয়েছেন স্থানীয়রা, যা থেকে ধারণা করা হচ্ছে এই দম্পতি নিয়মিতই তাকে শারীরিক নির্যাতন করতেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে নরসিংদী থেকে খুলনায় এসে মেয়ের নির্যাতনের অভিযোগে মামলা করেন গৃহকর্মীর মা। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মামলা দায়েরের পরপরই অভিযুক্ত পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়।

নির্যাতনের শিকার কিশোরীকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতামত দিন