মাতারবাড়ী-চট্টগ্রামে গড়ে উঠছে দেশের প্রথম করমুক্ত মুক্ত বাণিজ্য অঞ্চল।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের আশপাশে প্রায় ৬০০ একর জমির ওপর দুটি পৃথক মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন ও জমি ইজারা চুক্তির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে পরিচালিত ফ্রি ট্রেড জোনের আদলে বাংলাদেশেও এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন ড. নাসিমুল গনি। তিনি জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি আমদানিতে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ফলে নির্ধারিত চুক্তির বাইরে স্পট মার্কেট থেকেও জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।
তবে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় জ্বালানি আমদানির প্রচলিত কৌশল পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
এদিকে কৃষি খাতের চাহিদা পূরণে রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মতামত দিন