ইরান-লেবাননের পুনর্গঠনে সহায়তার ঘোষণা চীনের।
ইরান ও লেবাননের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সহায়তার ঘোষণা দিয়েছে চীন। দেশ দুটিতে চলমান মানবিক সংকট মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত জনগণের জীবনযাত্রা স্বাভাবিক করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বেইজিং।
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র লিন জিয়ান বলেন, সংঘাতের কারণে সৃষ্ট মানবিক দুর্ভোগ নিয়ে চীন উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে ইরান ও লেবাননের পুনর্বাসন, অবকাঠামো পুনর্নির্মাণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার ভাষ্য, সংশ্লিষ্ট দেশগুলোর প্রয়োজন ও বাস্তব অবস্থা বিবেচনায় মানবিক সহায়তা প্রদান করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত জনগণ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
চীনা কর্মকর্তারা জানান, চলমান সংঘাত শুরুর পর এটি দ্বিতীয় দফায় তেহরানের প্রতি সহায়তার ঘোষণা। এর আগে মার্চ মাসেও ইরানের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছিল বেইজিং।
অন্যদিকে, দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতায় পৌঁছেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতার আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, চীনের এই সহায়তা ঘোষণা মধ্যপ্রাচ্যে যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জোরালো করতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মতামত দিন