আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গুগলের ওপর নতুন শর্ত আরোপ করল যুক্তরাজ্য।

নিজেস্ব প্রতিবেদক:

গুগলের সার্চ সেবায় আরও স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ (সিএমএ)। সংস্থাটি বলছে, অনলাইন অনুসন্ধান বাজারে গুগলের প্রভাব বিবেচনায় ব্যবহারকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় অতিরিক্ত কিছু শর্ত কার্যকর করা হবে।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সিএমএ জানায়, সার্চ ফলাফল কোন নীতিতে প্রদর্শিত বা র‌্যাঙ্ক করা হয় সে বিষয়ে গুগলকে আরও পরিষ্কার তথ্য দিতে হবে। পাশাপাশি ব্যবহারকারীদের নিজস্ব সার্চ ডেটা অনুমোদিত অন্য সেবাদাতার কাছে স্থানান্তরের সুযোগও নিশ্চিত করতে হবে।

নিয়ন্ত্রক সংস্থার মতে, সার্চ খাতে গুগলের শক্তিশালী অবস্থান বাজার প্রতিযোগিতার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ‘স্ট্র্যাটেজিক মার্কেট স্ট্যাটাস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ভবিষ্যতে বিশেষ তদারকি ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার পথ খুলে দেবে।

সিএমএর ডিজিটাল মার্কেটস বিভাগের নির্বাহী পরিচালক উইল হেইটার বলেন, নতুন ব্যবস্থাগুলোর লক্ষ্য হলো সার্চ ফলাফলের নিরপেক্ষতা বাড়ানো, পরিবর্তন সংক্রান্ত তথ্য সহজলভ্য করা এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর প্রক্রিয়া নিশ্চিত করা।

এর আগেও চলতি মাসে গুগলের কার্যক্রম নিয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছিল সিএমএ। তখন প্রকাশকদের জন্য এমন সুযোগ রাখা হয়, যাতে তারা চাইলে নিজেদের কনটেন্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার প্রশিক্ষণ বা ব্যবহারের বাইরে রাখতে পারেন।

প্রযুক্তি খাতে প্রতিযোগিতা জোরদার এবং ব্যবহারকারীদের অধিকতর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে যুক্তরাজ্যের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

মতামত দিন