প্রধান রেলপথে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, জানালেন প্রধানমন্ত্রী।
দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে রেলখাতে বড় ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ রেলপথগুলোতে ধাপে ধাপে বৈদ্যুতিক ট্রেন চালু করা হবে, যা যাত্রীসেবাকে আরও নিরাপদ ও দক্ষ করে তুলবে।
বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সড়ক ও রেল অবকাঠামোর উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের মহাসড়ক নেটওয়ার্ককে আধুনিকায়নের অংশ হিসেবে এক্সপ্রেসওয়ে ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। একই সঙ্গে মালবাহী ও যাত্রী পরিবহনের সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করতে মাল্টিমোডাল পরিবহন কাঠামোও সম্প্রসারণ করা হবে। সড়কে অতিরিক্ত ওজনের যানবাহন নিয়ন্ত্রণে স্মার্ট প্রযুক্তিনির্ভর নজরদারি চালুর কথাও জানান তিনি।
রাজধানীর যানজট কমাতে রিং রোড ও রেডিয়াল সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে বেশ কয়েকটি বড় প্রকল্প নিয়ে কাজ চলছে। এর মধ্যে দ্বিতীয় যমুনা সেতু ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা উল্লেখযোগ্য। পাশাপাশি ঢাকা-আশুলিয়া সংযোগ, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিভিন্ন নদীর ওপর নতুন সেতু নির্মাণের কাজও এগিয়ে চলছে।
রেল খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০৪৫ সাল পর্যন্ত সময়কে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় দেশের সব জেলা ও গুরুত্বপূর্ণ শহরকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, ভবিষ্যতে পুরো রেলব্যবস্থাকে ডুয়েলগেজ লাইনে রূপান্তর করা হবে। এতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও কার্যকর হবে।
রেলসেবার সম্প্রসারণে নতুন আন্তঃনগর ও কমিউটার ট্রেন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ানোর মাধ্যমে যাত্রীচাপ কমানো এবং সেবার মান উন্নত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।
প্রধানমন্ত্রীর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে এবং সাধারণ মানুষ আরও আরামদায়ক, দ্রুত ও নিরাপদ ভ্রমণের সুযোগ পাবেন।
মতামত দিন