অপরাধ
ছবি: সংগৃহীত

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণের পর শিশুহত্যা,গ্রেপ্তার-৩।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর খালপাড়ের একটি পানিভর্তি গর্ত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অপহরণ, ধর্ষণ, হত্যা এবং মরদেহ গুমের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার নিহত শিশুর বাবা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় পূর্ব বড়ভেওলা এলাকার তিন বাসিন্দাকে আসামি করা হয়েছে। পরে পুলিশ তাদের আটক করে হেফাজতে নেয়।

পরিবারের সদস্যদের ভাষ্য, ১৪ জুন বিকেলে বাড়ির পাশের এলাকায় খেলতে বের হয়েছিল শিশুটি। সন্ধ্যা পার হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরদিনও তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ বাড়তে থাকে।

একপর্যায়ে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে দক্ষিণ চরপাড়া এলাকায় মাতামুহুরী খালের পাশে একটি গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে কৌশলে অপহরণ করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আড়াল করতে মরদেহ নির্জন স্থানে ফেলে রাখা হয়। সুরতহাল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের কথাও উল্লেখ করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করা হবে।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য কেউ সম্পৃক্ত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন