জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে প্রায় এক হাজার সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৯৬৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

ল্যাব পরীক্ষায় গত একদিনে ১১১ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবের শুরু থেকে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে ৭৩ হাজার ২৭৭ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

মৃত্যুর পরিসংখ্যানেও উদ্বেগজনক চিত্র দেখা গেছে। সন্দেহভাজন হামে গত তিন মাসে ৫৬৮ শিশুর প্রাণহানির তথ্য নথিভুক্ত হয়েছে। তবে পরীক্ষায় নিশ্চিত হামের কারণে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন