রাজনীতি
ছবি: সংগৃহীত

ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি আদর্শনির্ভর রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতের বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন।

বুধবার সকালে অনুষ্ঠিত বৈঠকে সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জামায়াতের অর্জন এবং বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণের জন্য ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান ইরানি রাষ্ট্রদূত।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, স্বাস্থ্যখাতে সহযোগিতা এবং মুসলিম বিশ্বের চলমান বিভিন্ন ইস্যু গুরুত্ব পায় আলোচনায়।

সাম্প্রতিক সংঘাতে প্রাণহানির ঘটনায় ইরানের জনগণের প্রতি সমবেদনা জানান ডা. শফিকুর রহমান। তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ইরানের ভূমিকার প্রশংসা করেন।

জামায়াত আমির আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে বাংলাদেশ-ইরান সম্পর্ক আরও বিস্তৃত হবে।

আলোচনায় ঢাকা-তেহরান সরাসরি বিমান যোগাযোগ চালু, পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন এবং চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ও উঠে আসে। এ সময় বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

রাষ্ট্রদূত জাহানাবাদি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে তার দেশ আগ্রহী। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ককে নতুন পর্যায়ে নেওয়ার প্রত্যাশার কথাও তিনি তুলে ধরেন।

সাক্ষাৎকালে ইরান দূতাবাস ও বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতামত দিন